অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করা এবং মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই) সংসদে বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। একই সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ এবং পেঁয়াজ-রসুন সংরক্ষণে আধুনিক প্রযুক্তির পরিকল্পনাও তুলে ধরেন।

হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সরকার মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত ফ্রি করতে চাই। নারীর ক্ষমতায়নে আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি। গ্যালারিতে আজ অনেক ছাত্রী আছে, তারা সরাসরি শুনছে, যারা ভালো রেজাল্ট করবে তাদের স্কলারশিপ দেব।’

মহিলা আসনের এমপি শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকের ১ম থেকে ৫ম শ্রেণির প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে। দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কৃষি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ-রসুনের অপচয় রোধে ৩৫০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। আরেক প্রকল্পে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ৯০০টি মডেল সংরক্ষণাগার করা হয়েছে, যার প্রতিটিতে ১০-১২ টন রাখা যায়।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনার আওতায় ১৯ হাজার কৃষককে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে। নতুন একটি প্রকল্পে প্রধান উৎপাদন এলাকায় আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন বসানো হবে, যাতে কৃষক মৌসুম শেষেও ন্যায্য দামে বিক্রি করতে পারেন।