মালয়েশিয়ার ডুরিয়ানের মতো বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনারা বাংলাদেশের কাঁঠাল খুব পছন্দ করেন এবং সাম্প্রতিক চীন সফরে এ নিয়ে একটি চুক্তিও হয়েছে।
ময়মনসিংহ-৬ আসনের এমপি কামরুল হাসান ফুলবাড়িয়ার লেবু, আনারস ও কাঁঠাল বাজারজাত এবং সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আগে একটি আনারস ইন্ডাস্ট্রি ছিল, যা সহায়তার অভাবে বন্ধ হয়ে যায়। সরকার এখন বন্ধ থাকা কৃষিভিত্তিক মিল-কারখানা চালুর চেষ্টা করছে। তবে সেখানে নতুন করে আলাদা শিল্পাঞ্চল করার পরিকল্পনা এই মুহূর্তে নেই।
মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফলের বাজার নিয়ে কথা হয়েছে। দেখতে কাঁঠালের মতো ডুরিয়ান ফল রপ্তানি করেই দেশটি চীন থেকে প্রতিবছর বিলিয়ন ডলার আয় করছে। বাংলাদেশও কাঁঠাল রপ্তানি করে একইভাবে বড় অংকের মুদ্রা অর্জন করতে পারবে।