দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রা দিতে একমত হয়েছে বাংলাদেশ ও তাজিকিস্তান।
বুধবার (৮ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এই অঙ্গীকার হয়।
বৈঠকের আগে নিয়মিত পররাষ্ট্র দপ্তরের আলোচনা প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তাজিকিস্তানের নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার।
রাজনৈতিক সম্পর্ক গভীর করতে পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর এবং সংসদীয় বন্ধুত্ব বাড়াতে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতের যোগাযোগ, ব্যবসায়ী প্রতিনিধি বিনিময়, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমঝোতা স্মারকের প্রস্তাব দেয়া হয়। বাংলাদেশ তৈরি পোশাক, পাট ও ওষুধ শিল্পে নিজেদের সক্ষমতা তুলে ধরে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাজিক বিনিয়োগের আহ্বান জানায়।
এছাড়া স্বর্ণ, অ্যালুমিনিয়াম, দস্তা, তামাসহ খনিজ খাতে সহযোগিতা, শিক্ষা-যুব বিনিময়, সংস্কৃতি, পর্যটন এবং দক্ষ জনশক্তি রপ্তানি নিয়েও আলোচনা হয়। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি, দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষাসহ একাধিক চুক্তি দ্রুত সম্পন্ন করতে একমত হয় দুই পক্ষ।
বৈঠকে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থনের জন্য তাজিকিস্তানকে ধন্যবাদ জানানো হয়।
ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হিসেবে এই বৈঠককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্বিতীয় দফা বৈঠক দুশানবেতে করার সিদ্ধান্ত হয়। একই দিন কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা নিয়েও আরেকটি সমঝোতা স্মারক সই হয়।