প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় রমনা এলাকায় ব্যাংকের এটিএম বুথের সামনে ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে সম্মান জানাতেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। তার সেই নীরব ভালোবাসা নজর এড়ায়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের।
অবশেষে সেই আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনা এলাকায় গিয়ে তার হাতে উপহার তুলে দেন এবং তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাটে। ৮ মাস ধরে পুরাতন রমনা থানার সামনের একটি ব্যাংক বুথে গার্ড হিসেবে কাজ করছেন। আগে পেশায় চালক ছিলেন, স্ট্রোকের পর গাড়ি চালাতে না পেরে এই কাজ নেন। অসুস্থ শরীর নিয়েও রোজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা ডিউটি করেন।
উপহার পেয়ে আবেগাপ্লুত সালাম বলেন, ‘কখনো ভাবিনি প্রধানমন্ত্রীর চোখে পড়বে। আমি তার বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, তাকেও ভালোবাসি। তিনি গাড়ি থেকেই হেসে সালামের জবাব দেন, হাত নাড়েন। আজ আমার জীবনের সেরা দিন।’
সাধারণ মানুষের এই ভালোবাসাকে প্রধানমন্ত্রীর এমন সম্মান জানানোকে ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।