শুধু স্কুল-কলেজ নয়, এবার দেশের সব মাদ্রাসাতেও প্রতিদিন সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করা হলো।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়। এতে সই করেন পরিচালক মো. আবুল কালাম তালুকদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবান ও মানসিকভাবে দৃঢ় নাগরিক হিসেবে গড়তে তৃণমূল থেকে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে চায় সরকার। তাই সব মাদ্রাসায় দৈনিক পিটি ও খেলার আয়োজন নিশ্চিত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকরাই প্রতিদিন এই কার্যক্রম পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। যেখানে এই পদ খালি, সেখানে খেলাধুলায় দক্ষ অন্য কোনো শিক্ষককে সাময়িক দায়িত্ব দিতে হবে এবং দ্রুত শূন্যপদ পূরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তর জানায়, নিয়মিত শরীরচর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং নেতৃত্ব ও দলগত কাজের গুণ তৈরি করে। জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।