নাটকীয়ভাবে হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে তাদের।

আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকের ম্যাচে রেফারি পক্ষপাত করেছেন বলে অভিযোগ করেছে মিসর। তাদের দাবি, রেফারির ভুল সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে।

ম্যাচ শেষে রাখঢাক না রেখেই মিসরের কোচ হোসাম হাসান বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারিকে ‘জালিম’ বলে আখ্যা দেন।

এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ।

তিনি লিখেছেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। তার দাবি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় যেন দায়িত্ব দেওয়া না হয় এই রেফারি প্যানেলকে।

মিসরের অভিযোগ মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। ভিএআরে তাদের একটি গোল বাতিল হওয়া এবং ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করার পরও ভিএআর পর্যালোচনা না করা।