যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন অভিযোগে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে সেন্টকম নতুন করে হামলার ঘোষণা দেয়। এ সময় ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, সিরিক বন্দরের মাছ ধরা ও বাণিজ্যিক পাইয়ার্সে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এর কিছুক্ষণ পর ইরানের সবচেয়ে বড় বন্দর বন্দর আব্বাসের আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের হামলা বন্দরের আশপাশে সীমিত রেখেছে, তবে হামলা বেশ তীব্র হচ্ছে।
সেন্টকম হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে এবং এর মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে।
বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্টকম। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।
সূত্র: আলজাজিরা