প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার গোষ্ঠীটি তাদের শাসন কাজে নিয়োজিত কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই সিদ্ধান্তে উপত্যকাটি পরিচালনার জন্য প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব নেওয়ার পথ খুলে গেল।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, “প্রায় দুই দশক ধরে গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির বেসামরিক শাসন বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।”

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গাজা শাসন করছিল হামাস। বিশ্লেষকরা একে গোষ্ঠীটির উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখছেন।

গত অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস দৈনন্দিন শাসনকাজ থেকে সরে দাঁড়ানোর কথা বলে আসছিল। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়টি এখনও অমীমাংসিত।

ওই কর্মকর্তা আরও জানান, হামাস গাজার শাসন কমিটি বিলুপ্ত করে জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে তদারকির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি কাজ করবেন।

গাজায় হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, সোমবার আরও পরে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে হামাস। তবে বিস্তারিত কিছু জানায়নি।

হামাসের আরেক কর্মকর্তা বলেন, সম্প্রতি কায়রোতে এক বৈঠকে অন্য ফিলিস্তিনি উপদলগুলোকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। উপদলগুলো একে স্বাগত জানিয়ে গাজার শাসনভার গ্রহণের ক্ষেত্রে জাতীয় কমিটির সক্ষমতা বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

কমিটি বিলুপ্তির ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি)-এর প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পথ উন্মুক্ত হলো।

সূত্র: এএফপি