ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ফেটে পড়ে জনতা। ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবিতে পাথর ছুড়ে হজের ‘রমি আল-জামারাত’ আচারের আদলে ক্ষোভ প্রকাশ করেন হাজারো মানুষ।

মিজান নিউজ এজেন্সির ফুটেজে দেখা যায়, জানাজায় আসা নারী-পুরুষ ট্রাম্পের ছবি লক্ষ্য করে নুড়ি পাথর ছুড়ছেন। রাজধানী তেহরানের রাস্তায় লাখো মানুষের মিছিল থেকে ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান ও মার্কিন পতাকা পোড়ানোর ঘটনাও ঘটে।

সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল এক নারীর হাতে ধরা ‘ওয়ান্টেড’ ব্যানার। সেখানে ‘কিল ট্রাম্প’ লেখার পাশাপাশি খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ট্রাম্পকে জীবিত বা মৃত ধরিয়ে দিলে ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

জানাজা থেকে ট্রাম্প প্রশাসনের ‘যুদ্ধবাজ উপদেষ্টা’দের তালিকাও বিলি করা হয়েছে। খামেনির মৃত্যুর জন্য তাদের দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছে বিক্ষুব্ধরা। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় কর্মসূচিতে এমন মার্কিনবিরোধী প্রদর্শন নিয়মিত ঘটনা।

সূত্র: সিএনএন