বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের পেছনে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ জুলাই) হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প নিশ্চিত করেন, তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন।

নিয়মানুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা থাকলেও ফিফা বিশেষ বিবেচনায় বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। ট্রাম্প দাবি করেন, মাঠের ঘটনাটি তার কাছে ফাউল মনে হয়নি। তার মতে, দুই খেলোয়াড়ের মধ্যে সাধারণ ধাক্কাধাক্কিতে দুজনেই পড়ে গিয়েছিল, যা স্বাভাবিক। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে তা টুর্নামেন্টের ওপর একটি ‘বড় কলঙ্ক’ হতো বলে তিনি মনে করেন।

তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি কোনো নির্দেশ দেননি, বরং ফিফাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে অভিহিত করেছেন।

২৫ বছর বয়সী ফোলারিন বালোগান বর্তমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ গোলদাতা। তাকে ছাড়া বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারত।

ট্রাম্পের এই হস্তক্ষেপে ফিফার সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফিফার এই পদক্ষেপের ফলে আগামী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা নেই বালোগানের। সিয়াটলে অনুষ্ঠিতব্য এই শেষ ষোলোর ম্যাচটি এখন ফুটবল ভক্তদের বাড়তি আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।