রাজধানীর দক্ষিণখানে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দশ বছরের আরেক শিশুর বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণখানের কাওলা শেখ বাড়ির হাজী উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত শিশু একই ভবনের পাশাপাশি বাসায় থাকে।

ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী জানান, ভুক্তভোগীর মা গৃহকর্মী। তিনি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। কাজ শেষে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেয়ে বিছানায় পড়ে আছে।

ভুক্তভোগীর মামা জানান, তার বোন মেয়েকে রেখে বাসাবাড়িতে কাজে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মেয়ে বিবস্ত্র এবং রক্ত ঝরছে।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশু জানিয়েছে, পাশের বাসার একজন এ ঘটনা ঘটিয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, অভিযুক্ত শিশুকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভুক্তভোগী শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।