মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সেবা প্রদান প্রতিশ্রুতি বা ‘সিটিজেন্স চার্টার’ হালনাগাদ করে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাউশির এইচআরএম ইউনিটের জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২১ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদকরণ ও সংস্কার’ বিষয়ক কর্মশালার সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানকে কর্মশালায় অর্জিত জ্ঞানের ভিত্তিতে নির্ধারিত ফরম্যাট ও নির্দেশিকা মেনে নিজ নিজ দপ্তরের সিটিজেন্স চার্টার আধুনিকায়ন করতে হবে। হালনাগাদ করা চার্টারটি ৯ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন করতে বলা হয়েছে।