প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। একইসঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের একটি অংশ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল একটা মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী খুব বিনয়ের সঙ্গে বলেছেন, আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত।’

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিমাসে তার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব-মিসকিন মানুষদের সহযোগিতা বা সরকারি প্রয়োজনে খরচ করার জন্য। আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, ১০ শতাংশ হারে আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন থেকে সরকারি অ্যাকাউন্টে জমা দিচ্ছি।’

‘আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি; আপনারাও যদি মনে কিছু না নেন বা সম্ভব হয়, প্রতি মাসে ১০ শতাংশ বেতনের টাকা সরকারের ঘরে ফেরত দেবেন’, যোগ করেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন, এতে আমরা খুশি হয়েছি।’