নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’, ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহ হার্ডকপিতে গ্রহণ করা হবে না।

চিঠি অনুযায়ী, ক-১ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি জেলা নির্বাচন কর্মকর্তা, গ-১ ক্যাটাগরি অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

জানা যায়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এতদিন ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো। নাগরিকরা দ্রুত নিষ্পত্তির জন্য সেখানে আবেদন নিয়ে আসতেন।