ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

গতকাল রবিবার (৫ জুলাই) রাত ১১টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। তিনি তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত জানাজায় অংশ নিয়ে তিনি নিহত নেতার বিদেহী আত্মার জন্য দোয়া করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।