নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন নেইমার জুনিয়র। মেটলাইফ স্টেডিয়ামে কান্নাভেজা চোখে ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’।

সরাসরি অবসরের ঘোষণা না দিলেও ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের অবসরের দাবি করেছেন। রোমানো লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্য তুলে ধরে তিনি জানান, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বকাপ ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে উল্লেখযোগ্য অর্জন। ২০১২ সালে অলিম্পিকে রৌপ্য পদক এবং ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন। তবে তার গোলেও হার এড়াতে পারেনি ব্রাজিল। নেইমারের বিদায়ের দিনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নরওয়ে।