রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ফোনালাপ করেছেন। এই সময় মার্কিন নেতা আবারো ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার (৫ জুলাই) সিএনএন এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার থেকে তুরস্কে শুরু হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এই ফোনকলটি হয়েছে। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সময়ে রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরো অংশ দখলের প্রচেষ্টা জোরদার করেছে, যা ক্রেমলিনের একটি প্রধান লক্ষ্য।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এবং সমগ্র আমেরিকান জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর তাদের মধ্যে এটি ছিল চতুর্থ কথোপকথন এবং তা ছিল ‘কার্যকর ও অত্যন্ত গঠনমূলক।’  ট্রাম্প ইউক্রেনীয় সংঘাতে ‘যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি সহজতর করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।’

এই কথোপকথন সম্পর্কে মন্তব্যের জন্য সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, “রুশ পক্ষ আবারো এই সংঘাতের “রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তাদের পছন্দের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে কিয়েভ এবং তার ইউরোপীয় পৃষ্ঠপোষকেরা এই সংঘাতকে দীর্ঘায়িত করতে এবং এমনকি আরো তীব্র করার পরিকল্পনা করছে।”

মন্ত্রণালয়টি বলেছে, “আমাদের প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন, যেখানে রুশ সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে।”