রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রোববার (৫ জুলাই) ভোরে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার এভিনিউ-৫ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরাঙ্গীর নাহিদ গণমাধ্যমকে জানান, পারভেজ ভইরা-দে গ্রুপের লিডার আশিকের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

তিনি জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ভইরা-দে গ্রুপ’-এর সদস্যরা বিভিন্ন ভিডিও প্রচার করছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পারভেজের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার পারভেজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।