জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সব শিক্ষক ও কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীর বলেন, ৪২০২ নম্বর কক্ষের জন্য খোলা ৫টি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন। পরীক্ষা শুরুর আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকেরা প্রশ্ন বিতরণ করেন। পরে জানা যায়, প্রশ্নটি অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল।

জানা গেছে, ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দেন। তারা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘সারা দেশ এক প্রশ্নে পরীক্ষা দিয়েছে, আমরা ১০০ জন অন্য প্রশ্নে দিলাম। এখন পাস করব নাকি ফেল করব, এ-প্লাস আসবে কি না—সন্দেহ হচ্ছে।’

শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে গিয়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন বলে জানান অধ্যক্ষ।