যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন, আপনার বাস্তবমুখী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ও জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী অংশীদারত্বে উন্নীত হয়েছে। চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
চিঠিতে তিনি ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য এবং মার্কিন জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।