সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে সেন্সর বোর্ডের জটের খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন নির্মাতারা। তাদের দাবি, সিনেমাটি এখনো সিবিএফসিতে জমাই দেওয়া হয়নি, তাই আটকে যাওয়ার প্রশ্নই ওঠে না।
সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটি সিবিএফসি থেকে অনুমোদন পায়নি এবং ছাড়পত্র অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তবে ৪ জুলাই দেওয়া বিবৃতিতে নির্মাতারা এসব খবর ‘ভিত্তিহীন’ ও ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দেন।
নির্মাতারা জানান, যাচাই ছাড়া কোনো তথ্য না ছড়াতে অনুরোধ করা হচ্ছে। সিনেমার অফিসিয়াল আপডেট শুধু ‘সালমান খান ফিল্মস’-এর অফিশিয়াল চ্যানেল থেকেই জানানো হবে।
অপুর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটিতে সালমানের সঙ্গে আছেন চিত্রাঙ্গদা সিং। আগে এর নাম ছিল ‘ব্যাটল অব গ্যালওয়েন’। এপ্রিলে মুক্তির কথা থাকলেও পরে পিছিয়ে দেওয়া হয়। স্বাধীনতা দিবসে আগস্টে মুক্তির গুঞ্জন থাকলেও নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।
সূত্র : ইন্ডিয়াটুডে