মার্কিন পপতারকা টেইলর সুইফট ও ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের খবরে যখন বিশ্ব মেতে আছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতায় মাতল হোয়াইট হাউস। সুইফটের গান ও ব্র্যান্ডিংয়ের আদলে পোস্ট দিয়ে আলোচনা নিজেদের দিকে টানার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সুইফট-কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ভেন্যুর বাইরে ‘JUST&T MARRIED’ লেখা বিলবোর্ড ভাইরাল হতেই হোয়াইট হাউসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একই ধাঁচের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’ এবং ক্যাপশনে ছিল, ‘অবশেষে এটি ঘটল!’

এর আগে বৃহস্পতিবার রিহার্সাল ডিনারের সময় হোয়াইট হাউস সুইফটের ‘ইরাস ট্যুর’ পোস্টারের আদলে ‘আমেরিকার ইরাস ট্যুর’ নামে গ্রাফিক্স শেয়ার করে। ক্যাপশনে ব্যবহার করা হয় সুইফটের গান ‘মিস আমেরিকানা অ্যান্ড দ্য হার্টব্রেক প্রিন্স’-এর লাইন— ‘এটি হতে অনেক সময় লেগেছে।’ শুক্রবার এআই দিয়ে তৈরি আরও দুটি ভিডিও পোস্ট করা হয় সুইফটের গানের রেফারেন্স দিয়ে।

ট্রাম্প ও সুইফটের বৈরিতা পুরোনো। ২০২৪ সালের নির্বাচনে সুইফট কমালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ ২০২০ সালেও সুইফট ট্রাম্পের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

কাকতালীয়ভাবে, সুইফটের বিয়ের সময়ই ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল মলে ভাষণের প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।