আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিডনি রোগীদের চিকিৎসা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না।
তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম চলছে। সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।