দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৩ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এআই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে। পণ্যের উৎপাদন, আবহাওয়ার প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের পূর্বাভাস পেতে কয়েকটি মন্ত্রণালয় মিলে সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।

সিলেটকে সবজি রপ্তানির প্রধান হাব করার কথা জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক সবজি রপ্তানিকারক সিলেটের। তবে প্যাকেজিং ও সার্টিফিকেশন সমস্যায় পূর্ণ সম্ভাবনা কাজে লাগছে না। এজন্য কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে।

 

এছাড়া, সবজি সংরক্ষণে সারাদেশে প্রায় ২০০০ কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এর একটি বড় অংশ সিলেটে স্থাপন করা হবে। শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহেও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার, হুইল চেয়ার ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।