চলমান এইচএসসি পরীক্ষায় অভিভাবকদের ভোগান্তি কমাতে কেন্দ্রের বাইরে বসার চেয়ার ও ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
একইসঙ্গে কেন্দ্রের বাইরে ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করতেও বলা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ-বৃষ্টিতে তাদের কষ্ট হয়।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী দল না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগ তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি নিরসনে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করতে বলেছে বোর্ড। একইসঙ্গে শৃঙ্খলা রক্ষায় স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।