ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবির ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৩৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে। ১৫ মিনিট পরও ল্যান্ডিং গিয়ার ওপরে না ওঠায় পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এটিসি টাওয়ার থেকে অনুমতি নিয়ে প্রায় ৪০-৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে জ্বালানি কমানোর পর ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

যাত্রী হুমায়ুন কবির বলেন, উড্ডয়নের ১০-১৫ মিনিট পরই ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন বারবার চেষ্টা করেও সেটি ওপরে তুলতে পারেননি। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ঢাকায় ফেরার সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়ায়। শিশুদের কান্না ও যাত্রীদের উদ্বেগে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে।

ঘটনার পর হুমায়ুন কবির পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বেসরকারি এয়ারলাইন্সগুলোর পুরোনো উড়োজাহাজের ফিটনেস কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে আপসের সুযোগ নেই।