যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহের কারণে বিশ্বকাপের নকআউট পর্বের সূচি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ফিলাডেলফিয়ায় ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত ম্যাচ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ও ক্রীড়া বিজ্ঞানীরা ম্যাচটি স্থগিত করতে ফিফাকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ থাকবে। ফিলাডেলফিয়ায় ম্যাচের সময় তাপমাত্রা ৩৭.৭৮° সেলসিয়াস ছাড়াতে পারে। অতিরিক্ত আর্দ্রতায় মাঠে তা ৪৬.১১° সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে।
এর আগে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচে ৩২.২২° সেলসিয়াস তাপমাত্রায় ফরাসি খেলোয়াড়দের জলকামান দিয়ে শরীর ঠাণ্ডা করতে দেখা যায়। ফিফা কুলিং ব্রেকের ব্যবস্থা রাখলেও বিশেষজ্ঞরা একে যথেষ্ট মনে করছেন না।
ফিফপ্রো ও আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন বলছে, তাপমাত্রা ২৮° সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিত করা উচিত। ডার্টমাউথ কলেজের অধ্যাপক রায়ান ক্যালসবেক জানান, ৩৫° সেলসিয়াস পার হলে আর্দ্রতার কারণে শরীর নিজেকে ঠাণ্ডা করার ক্ষমতা হারায়, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের সিইও ডগলাস কাসা বলেন, ফিফার নিয়মে ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২° সেলসিয়াস হলে ম্যাচ স্থগিত হতে পারে। এই তাপমাত্রায় মার্কিন সামরিক বাহিনীও কালো পতাকা দেখিয়ে সব প্রশিক্ষণ বন্ধ করে দেয়।