চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে বেইজিংয়ের প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেইজিং সফরে জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনা হয়। একইসঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোরের প্রস্তাব বিবেচনা করছে ঢাকা।

এ নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “আমরা আমাদের এলাকার এই ধরনের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।”

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রকল্প বিষয়ে ভারতের মতামত ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। বাংলাদেশে আমাদের উন্নয়ন সহায়তা পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়।”

তিনি আরও জানান, ভারতের সামগ্রিক নীতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহকেই বিবেচনায় রাখা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান একটি ‘জাতীয় অগ্রাধিকার’ এবং এটি ‘যেকোনো মূল্যে’ বাস্তবায়ন করা হবে। তবে চীনা কর্মকর্তারা দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।