বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় সমর্থকদের তোপের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া। সবচেয়ে বেশি ক্ষোভ সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বোর ওপর।
দেশে নিরাপত্তা অভাব বোধ করায় হং যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানিয়েছে জংআং ডেইলি, চোসানবিজ, স্টার নিউজ কোরিয়াসহ দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই বিমানবন্দরে ‘হং আউট’ স্লোগান দেন সমর্থকরা। ‘হংয়ের বেতন ফেরত নেওয়া হোক’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। গাড়িতে ওঠার আগ পর্যন্ত তাকে গালি দিতে থাকেন অনেকে।
ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেও সমর্থকদের ক্ষোভ না কমায় দেশে ফেরার দুদিন পরই যুক্তরাষ্ট্রে চলে যান হং।
স্টার নিউজ কোরিয়া জানায়, মেক্সিকো থেকে ফেরার পর বিশ্রামে থাকার কথা থাকলেও বিপদ আঁচ করে তিনি লস অ্যাঞ্জেলেসে পরিবারের কাছে চলে যান।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং ভরাডুবির তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মতে, যোগ্যতার বদলে পক্ষপাতিত্বকে গুরুত্ব দেওয়াতেই এমন পরিণতি। জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছে।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক চাপ ও সরকারি তদন্তের শুনানি এড়াতেই হং যুক্তরাষ্ট্রে গেছেন। তবে যাওয়ার আগে তিনি বলেন, ‘আমি আপনাদের অনেক কথাই বলতে চাই। তবে সেগুলো বলার জন্য উপযুক্ত সময় এখনো আসেনি।’ জাতীয় দলে অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জনও নাকচ করেন তিনি।
সংবাদমাধ্যম বলছে, হংয়ের এ সফরকে ‘বিদেশে পালিয়ে যাওয়া’ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য ‘আন্তর্জাতিক লজ্জা’ হয়ে দাঁড়িয়েছে।