উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় ভোট শেষ হয়। মোট ৫৭৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন, যা প্রায় ৮৪ শতাংশ। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএফডিসি প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় ভোট শুরু হয়। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি ছিল। এবার চলছে ফলাফলের অপেক্ষা।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানান, রাতেই ভোট গণনা শুরু হবে। সব ঠিক থাকলে আজই ফল ঘোষণা করা হবে।
এবার দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি লড়ছেন। তাদের প্যানেলে সহ-সভাপতি নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক রিনা খান, সাংগঠনিক সম্পাদক চুন্নুসহ অন্যরা রয়েছেন।
অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেলে সহ-সভাপতি রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমানসহ অন্যরা আছেন।
এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ খান লড়ছেন। ১১টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।