ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সেখানে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি ইরানের সরকার ও জনগণের পাশে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দু’দেশের স্পিকার বাংলাদেশ-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলোচনা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারকে ইরানের স্পিকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরান ও অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে।

স্পিকার সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার টেকসই সমাধানের প্রত্যাশা জানান। তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ জুলাই) স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।