পপসম্রাজ্ঞী টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসি গোপনে আইনিভাবে বিয়ে সেরেছেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো উদযাপনের প্রস্তুতির মাঝেই এই খবর সামনে এসেছে।

নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’ জানিয়েছে, ৩৬ বছর বয়সী এই তারকাযুগল ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শপথ বিনিময় করেছেন। বিয়ের দিন-তারিখ ও স্থান নিশ্চিত না হলেও জানা গেছে, সুইফটের ব্যক্তিগত জেট সম্প্রতি নাশভিলে সময় কাটিয়েছে। সেখানে ক্যারিয়ারের শুরুতে থাকতেন তিনি।

সুইফটের মুখপাত্র এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার এক হাজারের বেশি অতিথি নিয়ে মূল রাজকীয় আসর বসছে। ভেন্যুর চারপাশে কড়া নিরাপত্তা, বন্ধ করা হয়েছে আশপাশের রাস্তা। ব্র্যাডলি কুপার, লেনা ডানহাম, এরিন অ্যান্ড্রুজ, জ্যাক অ্যান্টনফসহ অনেকে ইতিমধ্যে হাজির হয়েছেন।

সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন ও গিগি হাদিদদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ তকমা পাওয়া এই আয়োজনে উৎসবে মেতেছে নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস ও বিশ্বকাপের ম্যাচের মাঝে সুইফটের বিয়ের আয়োজন শহরকে আরও জমজমাট করেছে।

গায়িকার প্রচার দল জানিয়েছে, চলতি সপ্তাহে কেলসি-সুইফট দম্পতি নিউইয়র্কসহ বিভিন্ন দাতব্য সংস্থায় যৌথভাবে ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী অতিরিক্ত গরমের সতর্কতার পাশাপাশি এই ইনডোর বিয়ের উদাহরণ টেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

গত বছরের আগস্টে বাগদানের পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল। গোপন বিয়ের খবরে সেটাই পূর্ণতা পেল।