সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ আগস্ট। চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনে নেওয়া হবে। এর আগে ১ থেকে ৩১ জুলাই দেশব্যাপী প্রচার চালানো হবে।
আবেদন করতে হবে dss.bhata.gov.bd/online-application ঠিকানায়। স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য সুবর্ণ নাগরিক কার্ড বাধ্যতামূলক। আবেদনকারীর এনআইডি দিয়ে নিবন্ধিত সচল মোবাইল নম্বর বা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব দিলে যোগাযোগের মোবাইল নম্বরও লাগবে।
যারা ইতিমধ্যে অন্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাচ্ছেন, তারা বিবেচিত হবেন না। আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকলে নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
যাচাই-বাছাই শেষে বরাদ্দ সাপেক্ষে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিতরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও উপবৃত্তি পাবেন।
কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নে মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কারিগরি সমস্যা হলে সমাজসেবা অধিদপ্তরের টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।