আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ‘আইসিডিডিআরবি আইন, ২০২২’-এর ৭ ধারা অনুযায়ী তাকে মনোনয়ন দিয়েছে সরকার।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৬ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএসের পর ব্রিস্টল ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে দুটি এমএসসি এবং পিএইচডি করেছেন। ২০০০ সাল থেকে লন্ডনের ইনস্টিটিউট অব অফথালমোলজি ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করছেন। জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন।
শিশুদের চক্ষু রোগ ও দৃষ্টি প্রতিবন্ধকতা প্রতিরোধে তার গবেষণা বিশ্বব্যাপী সমাদৃত। ‘ব্রিটিশ জার্নাল অব অফথালমোলজি’তে তার গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি গ্লোবাল আই হেলথ হিরোসহ একাধিক আন্তর্জাতিক পদক পেয়েছেন। ৫০টির বেশি দেশে স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে ট্রাস্টি বোর্ডে সরকারের প্রতিনিধি হিসেবে আরও মনোনীত হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. গোলাম মহিউদ্দিন খান সাদী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগের সব আদেশ প্রতিস্থাপন করবে।