আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। তফসিল ঘোষণা হতে পারে আগস্টের মাঝামাঝি। এই নির্বাচনে ভোট দিতে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেছেন ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রস্তুত হচ্ছি। সরকার বললেই যেন নির্বাচন করতে পারি, সেজন্য কাজ করছি। ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তারা স্থানীয় নির্বাচনের ভোটার।
রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। মামলা ও সীমানা জটিলতায় ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন হয়নি।
দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী ৩ হাজার ৯৮১টি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালে নির্বাচন উপযোগী হবে।
পৌরসভা রোডম্যাপে বলা হয়েছে, মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। আইনি জটিলতায় ১০টি উপযোগী নয়।
উপজেলা পরিষদ রোডম্যাপ অনুযায়ী, নতুন ৫টিসহ মোট উপজেলা ৫০০টি। কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।
বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।