ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বোস্টনের ফেডারেল আদালতে এ মামলা করেন।
মামলায় তার অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা পরিচালনার অনুমতিও চেয়েছেন।
আফরাসিয়াবির দাবি, ভিএআর ব্যবহার করে নেওয়া ওই সিদ্ধান্তে ইরান জয় এবং শেষ ৩২-এ খেলার সুযোগ হারায়। অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচ ১-১ গোলে ড্র হয়, ফলে ইরানের নকআউটে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সও তখন জানায়, ভিএআর পর্যালোচনায় গোলটি অফসাইড হিসেবে বাতিল করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, পুরো টুর্নামেন্টে ফিফা ইরানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে এবং ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।