বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে ডালাসে পৌঁছেছে মিশর। তবে ম্যাচের আগে টিম হোটেলের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়েছে দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডালাসে হোটেলের বাইরে প্রিয় ফুটবলারদের দেখতে জড়ো হন মিশরীয় সমর্থকরা। দল হোটেলে ঢোকার সময় এক শিশু ভক্তের আবদারে ছবি তুলতে যান মিশরের এক ফুটবলার। তখন ডালাস পুলিশের এক সদস্য তাকে বাধা দেন। এতেই উত্তেজনার শুরু।
প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান পুলিশ সদস্যকে সরে যেতে বললে উল্টো তিনি তেড়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা মিশরের কোচিং স্টাফের কয়েকজনকে ধাক্কা দিচ্ছেন। মুহূর্তেই উত্তেজনা ছড়ায়।
গণমাধ্যমের খবর, শিশুকে ছবি তুলতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হন ইব্রাহিম হাসান। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এতে কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ও জড়িয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য কোমরে গুজে রাখা পিস্তলে হাত দিচ্ছেন। তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি।
পরে সবার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইব্রাহিম হাসানকে সরিয়ে নেওয়া হয়। কোনো গ্রেপ্তার বা গুরুতর আহতের খবর নেই। তবে ঘটনায় হতাশ হয়ে ফেরেন অপেক্ষায় থাকা সমর্থকরা।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় ডালাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর।