বিশ্বকাপের নকআউট পর্বেও দাপট ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লা রোজারা।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মিকেল ওয়ারজাবালের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন পেদ্রো পোরো। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। লামিনে ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি ও আলেক্স বায়েনার আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণ।

২৯ মিনিটে কুকুরেয়ার গোল ভিএআরে বাতিল হয়। ৩৬ মিনিটে পেদ্রির দৌড়ের পর কুকুরেলার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে বায়েনার ক্রস থেকে হেডে গোল করেন পেদ্রো পোরো। স্পেনের জার্সিতে এটিই তার প্রথম গোল। ৮৯ মিনিটে আবারও কুকুরেয়ার পাস থেকে ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল। কুকুরেলা ম্যাচে দুটি অ্যাসিস্ট করেন।

শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয়ে শেষ ষোলোয় পৌঁছে যায় স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের বিজয়ী। এই জয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল লুইস দে লা ফুয়েন্তের দল।