তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার ধারণা আমূল বদলে গেছে। এখন বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক পাহারার চেয়ে কম্পিউটার হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।

বুধবার ঢাকার খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধ এখন শুধু অস্ত্রের বিষয় নয়, যোগাযোগও শুধু কণ্ঠস্বর বিনিময় নয়। কেন্দ্রীয় ব্যাংকের তহবিল চুরির ঘটনা দেখিয়েছে, ডিজিটাল কারসাজিতে কীভাবে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’

তিনি বাহিনীর ৬০ লাখ জনবলকে প্রচলিত ধারণায় না রেখে সময়োপযোগী ও আধুনিকভাবে দেশের কাজে লাগানোর উদ্যোগের প্রশংসা করেন। বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনার বড় অংশ হবে আনসার বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম।

অ্যানালগ ও ডিজিটালের পার্থক্য বুঝে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে ডিজিটাল নেতৃত্ব নেওয়ায় বাহিনীর নেতৃত্বকে সাধুবাদ জানান মন্ত্রী।

তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’কে অন্য সরকারি দপ্তরের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, আজকের আয়োজন শুধু মিডিয়া সেলের উদ্বোধন নয়; বরং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার নতুন শুরু। এ উদ্যোগ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করবে এবং সরকারের আস্থাশীল অংশীদার হিসেবে বাহিনীর কাজকে নতুন মাত্রা দেবে।

সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার ও ভিডিপির বিশাল জনশক্তি দিয়ে সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন কাজ আরও সুসংগঠিত ও গতিশীলভাবে করা সম্ভব। নিরাপত্তার পাশাপাশি সমাজ গঠনে সদস্যদের অবদান, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের গল্প ও ইতিবাচক উদ্যোগ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।