যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ‘ভুল হিসাব’ বা ‘অবিবেচক পদক্ষেপ’ থেকে বিরত থাকতে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া।
তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা আগ্রাসনের চেষ্টা হলে ‘কঠোর’ জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সদর দফতর বলে, শক্তিশালী ইরানের শত্রুদের—বিশেষ করে যুক্তরাষ্ট্র, ‘জায়নবাদী শাসন’ (ইসরায়েল) ও তাদের আঞ্চলিক সহযোগীদের—যেকোনো ভুল সিদ্ধান্তের আগে দ্বিতীয়বার ভাবা উচিত।
বিবৃতিতে বলা হয়, “আমরা শক্তিশালী ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জায়নবাদী শাসন এবং তাদের আঞ্চলিক সহযোগীদের সতর্ক করছি, তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের আগে তাদের অবশ্যই দ্বিতীয়বার ভাবতে হবে।”
এতে আরও বলা হয়, “ইরানের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়ার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এলো। সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও নতুন চাপে পড়েছে।
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ ঠেকাতে ইরান প্রতিরোধমূলক বার্তা দিয়েছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘ উত্তেজনা ও শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে এই বিবৃতি তাৎপর্যপূর্ণ।
সূত্র: আল-জাজিরা