সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটায় কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব আছে। ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন নকশা ও চুক্তি অনুযায়ী সরানো হচ্ছে।
পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের মাটি অপসারণ নিয়ে ভায়াডাক্টের নিরাপত্তা শঙ্কার তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছেন রেলমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভায়াডাক্টের নিচে মাটি সরানোর কারণে রেললাইন বা কাঠামোর কোনো ঝুঁকি তৈরি হবে না। প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফেরানো ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই এ কাজ করা হচ্ছে।
তিনি জানান, ১৬.৭৬ কিলোমিটারের মধ্যে ১৪.৪ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। বাকি ২.৩৪ কিলোমিটারে গড়ে সাড়ে তিন ফুট মাটি সরানো হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের ঝুঁকি নেই। বরং প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য ফেরাতে এ কাজ জরুরি।
পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ এবং দেশের স্বার্থেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে জানান তিনি।
এ সময় সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।