ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে রোগীর চাপ সামলাতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাব যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও থাকবেন। এই সফরে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও আধুনিক, দ্রুত ও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। নতুন প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ আরও কার্যকর হবে এবং রোগীরা উন্নত পরীক্ষার সুবিধা পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা আছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে ‘এনএস১’ কিট পাঠানো হয়েছে। ঢাকাসহ অন্য শহরের হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা ও চিকিৎসাসেবা আরও বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম চলছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত আছে। প্রয়োজনে রোগীর চাপ সামলাতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ব্যবস্থাও নেওয়া হবে।