সিনেমার পাশাপাশি ক্রিকেটেও নিজের অবস্থান আরও পোক্ত করলেন বলিউড তারকা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি। বৈশ্বিক ক্রিকেটে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
স্টেডিয়ামটির নাম নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড। এটি ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে এটি ব্যবহার হবে।
গতকাল (১ জুলাই) এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়াম উদ্বোধনের কথা জানান শাহরুখ। তিনি বলেন, “শুরুটা ছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তব হলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটা শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও জায়গা।”
ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারীদের সিপিএল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গ্রুপের দল আছে।
নতুন স্টেডিয়ামটি পরিচালনা করবে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্টেডিয়ামটি চালাবে নাইট রাইডার্স গ্রুপ। এ গ্রুপে শাহরুখের পাশাপাশি অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।
এদিকে শাহরুখ খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা কিং–এর কাজে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।