বাংলাদেশে আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে সময় ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জোরালো জনমত গঠনে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন। তাদের আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসায় বিশেষ সহায়তা চান তিনি। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতার তাৎক্ষণিক নির্দেশ দেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
রাষ্ট্রদূত অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে ফিলিস্তিনের কোনো নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে যাচাইয়ের জন্য আবেদনের একটি অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো হোক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে অন্তর থেকে ভালোবাসি ও বিশ্বাস করি। ফিলিস্তিনের নাগরিকদের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, এ ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচারে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইন চার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদি উপস্থিত ছিলেন।