তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা অব্যাহত রাখবে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত আছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। বাংলাদেশের অনুরোধ অনুযায়ী এ প্রকল্পে চীন কাজ করবে। সামর্থ্যের মধ্যে থেকে চীন বাংলাদেশকে সহায়তা চালিয়ে যাবে। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন ভবিষ্যতেও থাকবে। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের বিবেচনায় নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ এ প্রকল্পের সঙ্গে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত।
চীনের রাষ্ট্রদূত বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা আরও বেড়েছে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।