নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলতে ফ্লোরিডায় গেছে আর্জেন্টিনা। সেখানে নিরাপত্তা এত কড়া যে, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে পুরো দলকে। বাদ যাননি মেসিও।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প আর্জেন্টিনার। পরের ম্যাচ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেখানে কেপ ভার্দের মুখোমুখি হবে তারা।

মিসৌরি থেকে ফ্লাইটে ওঠার আগে নিয়ম অনুযায়ী নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন মেসিরা। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছোট একটি ভিডিওতে দেখা যায়, আলবিসেলেস্তে খেলোয়াড়রা লাগেজ নিরাপত্তা কর্মীদের কাছে রেখে সামনে এগোচ্ছেন। সেখানে মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর তল্লাশি করা হয়।

এর আগে রদ্রিগো ডি পলকে তল্লাশির সময় কোনো কারণে মেসি হেসে ওঠেন।

এবারের বিশ্বকাপে বড় চমক কেপ ভার্দে। তিন ম্যাচে কোনোটি না জিতলেও হারেনি। সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে উঠেছে তারা। এ দলের বিপক্ষে আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।