সারা দেশে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে পরীক্ষা দিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সিসিটিভির পাশাপাশি এবারই প্রথম পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি দেখতে ও রেকর্ড রাখতে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
কেন্দ্রে ঢোকার সময় অপ্রীতিকর ঘটনা এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিন রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা দেখা গেছে। কেন্দ্রের বাইরে মাইকে পরীক্ষার বিভিন্ন নির্দেশনা ও নিয়ম জানানো হচ্ছিল।
পরীক্ষার্থীরা নিয়ম মেনে কেন্দ্রে ঢুকেছে। যানজটের কথা ভেবে এবার সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত হয়।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা ইতিবাচক ছিল। এতে অপরাধপ্রবণদের মধ্যে সতর্কতা ও ভীতি তৈরি হয়। পরীক্ষাকেন্দ্রেও এ প্রযুক্তি কার্যকর হবে বলে আশা পুলিশের।
শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়। এতে কেন্দ্রের ভেতরে-বাইরে দায়িত্বে থাকা সবাই আরও সতর্ক হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রে সিসিটিভি বসানোর পর নকল প্রায় ৭৮ শতাংশ কমে যায়। সেই অভিজ্ঞতায় এবার সিসিটিভির সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা আরও নিরাপদ হয়।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠান। মোট কেন্দ্র ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডের ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।
মাদ্রাসা বোর্ডের ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডের ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষা দেবে।