ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তেহরানের পথে রওনা হন।

আগামী ৪ জুলাই তেহরান ও কোমে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। মেহর নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, খামেনির জন্মস্থান উত্তর-পূর্ব ইরানের মাশহাদে আগামী ৯ জুলাই তাকে দাফন করা হবে।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।