বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা, তখন গাজার ফুটবল অঙ্গনে নেমেছে শোক। ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক প্রাণ হারান।
আল-আশকার খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়েও খেলেছেন। স্থানীয় ফুটবলে তিনি পরিচিত মুখ ছিলেন।
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন। তার স্ত্রী প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। সাত ভাইবোনের মধ্যে একমাত্র ছেলে ছিলেন আল-আশকার। তার মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন।