সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ নিয়ে বিরোধে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চার ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। নিহত নাহিদ হাসান (১৫) এর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।

বুধবার (১ জুলাই) রাতে নিহতের স্বজনরা অভিযুক্ত হামজাকে আশুলিয়া থানায় হাজির করেন। এর আগে ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে ঘটনাটি ঘটে।

নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে তিনি হত্যার শিকার হন। নিহতের বাবা পেশায় কসাই।

পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান খেলা নিয়ে তর্কের একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নেয় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে। মরদেহ আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, ‘আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নাহিদের চাচা ওমর ফারুক বলেন, ‘আটক হামজা স্বীকার করেছে সে মারেনি, রাকিব, মেহেদী ও সিয়াম মেরেছে। পুলিশ রাত থেকে মরদেহ উদ্ধারে বিভিন্ন জায়গায় খুঁজছে। হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করছে।’

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’